ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের বিষাদ তখনো কাটেনি সান্তিয়াগো বার্নাব্যুতে। ঘরের মাঠে আলাভেসের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন রিয়াল মাদ্রিদের দুই প্রধান তারকা—ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে। তবে ভক্তদের দুয়ো আর শিসকে মাঠের পারফরম্যান্স দিয়ে হাততালিতে রূপ দিলেন এই দুই ফরোয়ার্ড। আলাভেসকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা দৌড়ে টিকে থাকল লস ব্লাঙ্কোসরা।
ম্যাচের চিত্র: ম্যাচের শুরু থেকেই গ্যালারি থেকে ভেসে আসছিল দুয়ো। কিন্তু সেসব কানে না তুলে আক্রমণের ধার বাড়ান এমবাপে ও ভিনিসিয়ুস। প্রথমে এমবাপের একটি ডিফ্লেক্টেড শটে লিড নেয় রিয়াল। এরপর দূরপাল্লার এক দর্শনীয় শটে ব্যবধান ২-০ করেন ভিনিসিয়ুস। যদিও ইনজুরি টাইমে টনি মার্টিনেজ আলাভেসের হয়ে একটি গোল শোধ করেন, তবে তা কেবল ব্যবধানই কমিয়েছে।
পয়েন্ট টেবিলের লড়াই: এই জয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৬-এ নামিয়ে আনল রিয়াল মাদ্রিদ। তবে আজ (বুধবার) রাতে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা জিতলে ব্যবধান আবারও ৯ পয়েন্টে দাঁড়াবে।
কোচের মুগ্ধতা: ম্যাচ শেষে ভিনিসিয়ুসের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন কোচ আলভারো আরবেলোয়া। তিনি বলেন, "কঠিন পরিস্থিতিগুলোতে ভিনিসিয়ুস সবসময় বড় ছাপ রাখে। সে সাহসী, লুকিয়ে থাকে না। তার আনুগত্য নিয়ে কোনো সন্দেহ নেই। আজ সে ভক্তদের শিসকে হাততালিতে পরিণত করেছে, যা একজন বড় খেলোয়াড়ের পরিচয়।"
চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা ভুলে লিগ শিরোপার দিকেই এখন পাখির চোখ রিয়ালের। আরবেলোয়ার অধীনে ভিনি-এমবাপে জুটি আবারও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে সমর্থকদের মান ভাঙাতে সক্ষম হলেন।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ