ক্রীড়া প্রতিবেদক, ঢাকা: ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে তাদের হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। তবে সেই সাফল্যকে এখন অতীত মানছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার মিরপুরে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে নতুন করে ইতিহাস লেখার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় টাইগাররা। বুধবার মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের এমন পরিকল্পনার কথা জানান কোচ।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেই অবিস্মরণীয় সিরিজ জয় নিয়ে সিমন্স বলেন, ‘ওটা ইতিহাস এবং সেই ইতিহাস এখন অতীত। আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই। শুক্রবার কী হয়, আমরা সেদিকেই তাকিয়ে আছি। আগে কী হয়েছে, তা নিয়ে এখন আর ভেবে লাভ নেই।’ তবে ওই জয় খেলোয়াড়দের ভেতরে আত্মবিশ্বাস জোগাবে বলে তিনি স্বীকার করেন।
দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রত্যাশার চাপ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমার মনে হয়, প্রত্যাশার ৯৫ শতাংশই ড্রেসিংরুমের বাইরে থাকে। সাধারণ মানুষ বা গণমাধ্যমের প্রত্যাশা আমাদের চেয়ে বেশি। আমরা কেবল নিজেদের প্রস্তুত করছি। আগের সিরিজের প্রত্যাশা নিয়ে ভাবলে তা আমাদের সাহায্য করবে না।’
গত কয়েক মাস বাংলাদেশ দল সাদা বলের (ওয়ানডে ও টি-টুয়েন্টি) ক্রিকেটে ব্যস্ত ছিল। হুট করে টেস্ট ফরম্যাটে মানিয়ে নেওয়া কঠিন কি না—এমন প্রশ্নে সিমন্স বলেন, ‘এটি পুরোপুরি মানসিক ব্যাপার। দলের অনেক ক্রিকেটার গত কয়েক মাস লাল বলেই অনুশীলন করেছেন। তাই ফরম্যাট পরিবর্তন করা খুব একটা কঠিন হবে না বলে আমি মনে করি।’
উল্লেখ্য, গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জান্নাত/সকালবেলা