টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন দাসের অনন্য মাইলফলক

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন দাসের অনন্য মাইলফলক

ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যক্তিগত বড় স্কোর গড়তে না পারলেও এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। আক্রমণাত্মক মেজাজে খেলে ৩৩ রানে থামলেও প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন এই স্টাইলিশ ব্যাটার।

শনিবার ম্যাচের দ্বিতীয় দিনে ৮ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিলেন লিটন। ইনিংসের এক পর্যায়ে মোহাম্মদ আব্বাসের বলে পুল শট খেলতে গিয়ে আউট হওয়ার আগেই তিনি এই ঐতিহাসিক রেকর্ডটি নিজের করে নেন। বর্তমানে ৩১ টেস্টের ৫৫ ইনিংসে লিটনের সংগ্রহ ২ হাজার ৯ রান। ৩৭.২০ গড়ে করা এই রানের পথে তিনি চারটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

বাংলাদেশের হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানের তালিকায় লিটনের পরেই অবস্থান করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ২৬ টেস্টে ১ হাজার ৮৭৬ রান নিয়ে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকায় তৃতীয় অবস্থানে আছেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ টেস্টে তাঁর সংগ্রহ ১ হাজার ৬৫৫ রান। উল্লেখ্য, লিটন ও মুশফিক চারবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করলেও শান্তর ঝুলিতে রয়েছে পাঁচটি সেঞ্চুরি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন দাসের এই ধারাবাহিকতা তাকে দেশের অন্যতম সফল টেস্ট ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করল।

মন্তব্য করুন