ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক দিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চিঠিতে তারা জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।
এদিকে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে আলোচনা করতে বুধবার আইসিসি বোর্ড সভা ডেকেছে। তবে এই সভা পিসিবির চিঠির কারণে ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত আইসিসি অনড় রয়েছে যে, বিশ্বকাপের সূচি পরিবর্তন করা হবে না এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার সুযোগও নেই। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনাতেও আইসিসি একই অবস্থান স্পষ্ট করেছে।
বাংলাদেশ সরকারের সমর্থনে বিসিবি শুরু থেকেই ভারতে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হলেও কোনো পক্ষই নিজ অবস্থান থেকে সরে আসেনি। ২১ জানুয়ারি—টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে—চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা হিসেবে নির্ধারিত ছিল।
এই অচলাবস্থার মধ্যে হঠাৎ পিসিবির সম্পৃক্ততা নতুন আলোচনার জন্ম দিয়েছে। গুঞ্জন রয়েছে, পিসিবি বিকল্প হিসেবে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে। এমনকি বাংলাদেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও ভাবছে পাকিস্তান। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি পিসিবি।
এই টানাপোড়েনের সূত্রপাত হয় যখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর সুনির্দিষ্ট কারণ স্পষ্ট করা না হলেও দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতির বিষয়টি আলোচনায় এসেছে।
এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, জাতীয় দল ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না। পরিস্থিতি আরও জটিল হয় যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন খেলোয়াড় বয়কটের ঘটনা ঘটে। বিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিশ্বকাপে না খেললে আর্থিক ক্ষতি নিয়ে ক্রিকেটারদের বিষয়ে অবমাননাকর মন্তব্য করলে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ