পিতাকে হত্যার দায়ে পুত্র ও ভাতিজার মৃত্যুদণ্ড
মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেকে পিতা শান্তি লাল চাকমাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে সোহেল চাকমা ও ভাতিজা আলোময় চাকমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ ও আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৬ আগস্ট রাতে সাজেক থানার ভাইবোনছড়া এলাকায় শান্তি লাল চাকমাকে ঘর থেকে ডেকে বের করে আসামিরা। পরে গলায় গামছা পেঁচিয়ে ধারালো দা দিয়ে তাঁর গলা কেটে হত্যা করা হয় এবং লাশ গঙ্গারাম নদীতে ফেলে দেওয়া হয়। ঘটনার নয় দিন পর কাচালং নদী থেকে গলিত লাশ উদ্ধার করা হয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিশ্লেষণ শেষে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় এই দণ্ডাদেশ প্রদান করেন। রায়ের সময় সোহেল চাকমা আদালতে উপস্থিত থাকলেও প্রধান আসামি আলোময় চাকমা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
আদালত পর্যবেক্ষণে এই ঘটনাকে বিরল ও নির্মম পশুবৃত্তসুলভ হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। প্রসঙ্গত, রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত প্রতিষ্ঠার পর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের এটিই প্রথম রায়।
এআইএল/সকালবেলা