টাঙ্গাইলে জমি বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহিদুল ইসলাম মন্ডল (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত কাশেম মন্ডলের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পটল বাজার থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের ইউসুফ আলীর সঙ্গে পূর্ববিরোধের জেরে জাহাঙ্গীর আলম বিএম কলেজের পূর্ব পাশে শহিদুলের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। শহিদুলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যান।
পরে তাঁকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা