পীরগাছায় গাঁজাসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় গাঁজাসহ মো. তানভীর হাসান জয় (১৯) নামের এক যুবককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কিসামত ঝিনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান জয় ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মাদক সেবনের গোপন সংবাদের ভিত্তিতে ছোট পানসিয়া মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যরা তানভীর হাসান জয়কে দুই পুরিয়া গাঁজাসহ আটক করেন। খবর পেয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, স্থানীয় প্রতিরোধ কমিটির তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আইন অনুযায়ী সাজা প্রদান করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ জানান, তরুণদের মাদকমুক্ত রাখতে এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা