সৈয়দপুরে পেপার মিলের মেশিনে পড়ে শ্রমিক নিহত

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ
সৈয়দপুরে পেপার মিলের মেশিনে পড়ে শ্রমিক নিহত

মো. মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর রাবেয়া মোড়ে অবস্থিত ‘ইকু পেপার মিল লিমিটেডে’ কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আজিজার রহমান (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজার রহমান দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালদীঘি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তমিজ মেম্বারপাড়া এলাকার তসলিম উদ্দিনের ছেলে। পরিবারে তাঁর ২৭ ও ২৫ বছর বয়সী দুই ছেলে এবং ২১ বছর বয়সী এক মেয়ে রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলমের মালিকানাধীন ওই পেপার মিলে রাতের পালায় (নাইট ডিউটি) কর্মরত ছিলেন আজিজার রহমান। দায়িত্ব পালনকালে তিনি কারখানার কাটার সেকশনের মেশিনের ভেতরে ঢুকে পড়ে গুরুতর আহত হন।

ভোরের দিকে কারখানার অন্য কর্মচারীরা তাঁকে উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে কারখানার লোকজন তাঁর মরদেহ দিনাজপুরের খানসামায় গ্রামের বাড়িতে পৌঁছে দেন।

নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে কি না কিংবা এ ঘটনায় কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাঁরা কিছুই জানেন না। দুর্ঘটনার পর মালিকপক্ষের কেউ তাঁদের বাড়িতে যাননি; কেবল কারখানার একজন কর্মচারী এসে মৃত্যুর খবর জানিয়ে গেছেন বলে স্বজনেরা দাবি করেন। এ বিষয়ে জানতে মিলের মালিক সাবেক সংসদ সদস্য সিদ্দিকুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “ঘটনাটি আমি শুনেছি, তবে ময়নাতদন্ত বা আইনগত ব্যবস্থার জন্য এখনো কেউ থানায় অভিযোগ করেননি।”

এআইএল/সকালবেলা