ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক
আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে শিখা বেগম (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) গভীর রাতে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের পশ্চিম বাকপুরা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আহত স্বামী মারুফ মাতুব্বর (৩৮) ওই এলাকার মৃত মোখছেদ মাতুব্বরের ছেলে। অভিযুক্ত শিখা বেগম সদরপুর উপজেলার শামসুর গ্রামের মৃত মানিক খানের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মারুফ মাতুব্বর ঘুমিয়ে পড়লে তাঁর স্ত্রী শিখা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গে আঘাত করেন। এ সময় মারুফের আর্তচিৎকারে তাঁর বড় ভাই রেজাউল মাতুব্বর ছুটে আসেন। পরবর্তীতে তাকে মারাত্মক জখম অবস্থায় প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, মারুফ নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি প্রতি বৃহস্পতিবার বিকেলে ছুটিতে বাড়িতে আসেন এবং শনিবার সকালে কর্মস্থলে ফিরে যেতেন। দীর্ঘদিন ধরে স্ত্রী শিখার সঙ্গে তাঁর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস-বিচারও অনুষ্ঠিত হয়। সেই কলহের জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী শিখা বেগমকে আটক করে থানায় নিয়ে যান।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা
|