জামালপুরে অর্ধকোটি টাকা আত্মসাৎ: ইউপি সদস্য গ্রেপ্তার
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: এনজিওর মাধ্যমে গরু দেওয়ার কথা বলে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জামালপুরের মাদারগঞ্জে মোহাম্মদ আলী জিন্নাহ নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জিন্নাহ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার সাবেক মেম্বার মরহুম বদিউজ্জামাল বদির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে সাধারণ মানুষকে এনজিও থেকে সরকারি বা অনুদানের গরু পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন এই ইউপি সদস্য। পরবর্তীতে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েও কথা না রেখে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে ইউপি কার্যালয় থেকে তাঁর বেতন-ভাতাসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়। পরে পাওনা টাকা না পেয়ে এক ভুক্তভোগী মাদারগঞ্জ থানায় জিন্নাহর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, "মোহাম্মদ আলী জিন্নাহ বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তারের পর আজ আদালতে প্রেরণ করা হয়েছে।"
এআইএল/সকালবেলা
|