কটিয়াদীতে মানবিকতার আলো ছড়াচ্ছেন ইউপি চেয়ারম্যান মতি
মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৬ নম্বর আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান (মতি) তাঁর মানবিক কর্মকাণ্ড, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে সর্বস্তরের এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়ে উঠেছেন।
আজ সোমবার (২২ জুন) আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি স্থানীয় কাশেমুল উলূম নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী (ফুটবল) উপহার দেন।
এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেকোনো সমস্যা বা অসহায়ত্বের কথা নিয়ে গেলে চেয়ারম্যান মতিউর রহমান সাধ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মানুষের দুঃসময়ে এভাবে ছায়ার মতো পাশে থাকার কারণে কটিয়াদীর সাধারণ মানুষ ইতিমধ্যে তাঁকে “মানবিক চেয়ারম্যান” উপাধিতে ভূষিত করেছেন।
শিক্ষার্থীদের মাঝে বল উপহার দেওয়ার সময় চেয়ারম্যান মতিউর রহমান (মতি) বলেন, "আমাদের এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা যেন মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে—এই লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে রক্ষা করতে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।"
মাদ্রাসার পাশাপাশি আজ অগ্রেরকোনা জামে মসজিদের উন্নয়ন কাজের জন্য চেয়ারম্যান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। পরে তিনি মসজিদ কমিটির সদস্যদের কাছে এই অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। একই সাথে এলাকার যুবকদের মাঝেও উন্নত মানের ফুটবল তুলে দেন, যাতে তারা সুস্থ পরিবেশে নিয়মিত খেলাধুলা করতে পারে।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই কটিয়াদীর আচমিতা ইউনিয়নে মতিউর রহমানের এমন নানামুখী মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় সচেতন মহল।
এআইএল/সকালবেলা
|