গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় এই অভিযান পরিচালনা করে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আরামবাগ নিচুপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮০ বোতল ফেনসিডিলসহ মো. আ. সামাদ (৪৩) ও আল ইমরান খান (২৮) নামের দুই যুবককে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে গোপনে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলমান রয়েছে। কোনোভাবেই মাদক কারবারিরা অপরাধ করে পার পাবে না। আগামীতে মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এআইএল/সকালবেলা
|