দেওয়ানগঞ্জে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

তৌকির আহাম্মেদ হাসু, বিশেষ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ছবি বিকৃত করে ব্ল্যাকমেইল ও গৃহবধূকে একাধিকবার ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ ও আসামিরা একই গ্রামের বাসিন্দা। আসামিরা দীর্ঘদিন ধরে ওই নারীকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। সাড়া না দেওয়ায় তাঁরা গৃহবধূর ছবি বিকৃত করে আপত্তিকর ছবি তৈরি করেন। পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং স্বামী-সন্তানকে হত্যার হুমকি দিয়ে আশকর আলী একাধিকবার তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ৩১ মার্চ রাতে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে দুই আসামি ঘরে প্রবেশ করেন। জাহিদুলের সহযোগিতায় আশকর আলী তাঁকে আবারও ধর্ষণ করেন। এ সময় স্বামী বাড়ি ফিরে বাধা দিলে তাঁকেও মারধর করা হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁদের লাঞ্ছিত করে এবং মুঠোফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করে প্রাণনাশের হুমকি দিয়ে আসামিরা পালিয়ে যান।

ঘটনার পর ২০২২ সালের ১০ এপ্রিল ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আশকর আলী ও জাহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, "এটি একটি নৃশংস অপরাধ ছিল। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।"

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন