রংপুরে ইয়াবাসহ গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ণ
রংপুরে ইয়াবাসহ গ্রেপ্তার দুই পুলিশ কনস্টেবল

সকালবেলা অনলাইন: রংপুরে ১৯ পিস ইয়াবাসহ দুই পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত বৃহস্পতিবার দুপুরে মহানগরীর পায়রা চত্বরের স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (কোতোয়ালি) বিচারক রফিকুল ইসলাম তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—দিনাজপুরের বিরল উপজেলার মাজেদুল ইসলামের ছেলে কনস্টেবল মাহিন ইসলাম (ওরফে মিঠুন) এবং সিরাজগঞ্জের বেলকুচির মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে সাবেক কনস্টেবল ওমর আলী। সাবেক পুলিশ কনস্টেবল ওমর আলীর বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানাতেও একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্কাইভিউ হোটেলে অভিযান চালিয়ে তাঁদের ১৯ পিস ইয়াবা, সেবনের সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিএনসির এসআই তাহমুদার রহমান বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি জানান, ডিএনসির দায়ের করা মামলায় আসামিদের আটক দেখিয়ে শুক্রবার সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এআইএল/সকালবেলা