কিশোরগঞ্জে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার: গ্রেপ্তার ৪

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ণ
কিশোরগঞ্জে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার: গ্রেপ্তার ৪

বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া আরিফ মিয়া ওরফে সালমান (১৯) হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসুন্দা নদী থেকে নিহতের কঙ্কালের বিভিন্ন অংশ ও পরনের গেঞ্জি উদ্ধার করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৮ মে সন্ধ্যায় সালমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন পরিবারের পক্ষ থেকে হোসেনপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দীর্ঘ তদন্ত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে যে, পূর্বপরিকল্পিতভাবে সালমানকে হত্যা করা হয়েছে। পরবর্তীতে নিহতের বাবা ফজলুর রহমান হত্যা মামলা দায়ের করলে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাকিব (১৮), মাফি (১৫), রফিক (৪০) ও রমজান মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি পুলিশ নরসুন্দা নদীতে অভিযান চালিয়ে নিহতের ব্যবহৃত গেঞ্জি, মাথার খুলি ও বুকের পাঁজরসহ শরীরের ৭৭টি হাড় উদ্ধার করে। উদ্ধার হওয়া কঙ্কাল ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না তা তদন্ত করা হচ্ছে।

এআইএল/সকালবেলা