কিশোরগঞ্জে তরুণদের দক্ষতা বাড়াতে সংলাপ অনুষ্ঠিত
নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ প্রতিনিধি): ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈষম্যমূলক সামাজিক প্রথা পরিবর্তনে তরুণদের সক্রিয় ভূমিকা জোরদার করার লক্ষ্যে কিশোরগঞ্জে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় কিশোরগঞ্জের শেরাটন হোটেলের হলরুমে এ সভার আয়োজন করা হয়। ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক এ আয়োজন করে যুব সংগঠন ‘তারুণ্যের আহ্বান’।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আল আমিন ভূঞা এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তফা গিয়াস উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন ‘তারুণ্যের আহ্বান’-এর সভাপতি সুমন আচার্য্য।
প্রধান অতিথির বক্তব্যে মো. রফিকুল ইসলাম শামীম বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সমতাভিত্তিক সমাজ গঠন করতে হবে। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিক ও প্রতিনিধিরা অংশ নেন।
এআইএল/সকালবেলা