বগুড়ায় বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২
ওয়াফিক শিপলু (বগুড়া): বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া চারলেন মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল পাথরবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপারসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন যাত্রী।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁদকুড়ি গ্রামের মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের নয়ন (৩৮)। নয়ন দুর্ঘটনায় কবলিত যমুনা লাইন পরিবহনের বাসটির হেলপার ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনদুয়েক আগে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। রোববার রাতে জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নয়ন ও যাত্রী মাছুদুর রহমান মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী সোমবার (৩ আগস্ট) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় বাসের বাম পাশ দুমড়ে-মুচড়ে যায়। সেখানে বসে থাকা হেলপার ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|