ঝিনাইদহে সাপের কামড়ে দুজনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপায় বিষধর সাপের কামড়ে শিশুসহ দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা হলো—হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামের রমজান শেখের শিশুকন্যা মরিয়ম খাতুন (৭) এবং সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে অন্তর হোসেন (১৬)।
নিহতদের স্বজনেরা জানান, সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় অন্তরকে সাপে দংশন করে। রাত ১১টার দিকে কান ও মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলে ভোররাতে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে বিষধর সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসক। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই সে মারা যায়।
অন্যদিকে, রাতে মায়ের পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় শিশু মরিয়মকে বিষধর সাপ কামড় দেয়। মঙ্গলবার ভোররাতে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এহেতেশাম শহীদ জানান, মরিয়মকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে বিষধর কালাচ সাপের কামড়ের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়। দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পৃথক দুটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা