বাকেরগঞ্জে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জে পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাঈদ পান্থ, বরিশাল: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার উদ্যোগে ৬ মাসব্যাপী ১ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার সাহেবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যেই বাকেরগঞ্জ পৌরসভার অর্থায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৬ মাসে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার বৃক্ষের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান এবং পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিরা সাহেবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ সূচনা করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন