লক্ষ্মীপুরে ৩ খাবার হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
মামুনুর রশীদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পচা-বাসি ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে তিনটি খাবার হোটেলকে মোট ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পচা-বাসি খাবার বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের দায়ে 'নুরজাহান হোটেল'–এর মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা, 'রাজমহল হোটেল'–এর মালিক বিষ্ণু বণিককে ৪ লাখ টাকা এবং 'মোহাম্মদীয়া হোটেল'–এর মালিক নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিশুদ্ধ খাদ্য আদালতের পরিচালক ও লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক এ জরিমানা আদায়ের আদেশ দেন। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী জানান, জনস্বাস্থ্য রক্ষায় পচা-বাসি ও ভেজাল খাবারের বিরুদ্ধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা