লালমনিরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
লালমনিরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মানজুরুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ থানার একটি মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত (আজ বুধবার) ১টা ৫ মিনিটে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

র‍্যাব-১৩ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর চন্দ্রপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বত্রিশ হাজারী চাপারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কালীগঞ্জ থানার মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাহামুদুল হাসান সাব্বির (২৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর বত্রিশ হাজারী এলাকার মো. রবিউল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারার একটি মামলায় (জিআর নং-১৩২/২১, প্রসেস নং-৪০৯/২১ ও ১৫৫/২৫) বিজ্ঞ আদালত সাব্বিরকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এবং চাঞ্চল্যকর প্রতারণা, হত্যা, অপহরণ, ধর্ষণ ও রাহাজানি প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে। অপরাধ দমনে তাদের এই ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা