মৌলভীবাজারে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ণ
মৌলভীবাজারে মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর এবং শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপমুক্ত চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে মানববন্ধন ও গণবিক্ষোভ করেছেন চা শ্রমিকরা।

শনিবার (৮ আগস্ট) সকালে নিউ সমনবাগ চা বাগানের প্রধান কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিউ সমনবাগ ও মোকাম ডিভিশনের বিপুলসংখ্যক নারী-পুরুষ চা শ্রমিক এবং ছাত্র-যুবকরা অংশ নেন।

সমাবেশে নিউ সমনবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাঙ্গাচরণ সাঁওতালের সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বাড়লেও চা শ্রমিকদের মজুরি বাড়েনি। জাতীয় সংসদে দৈনিক ৫০০ টাকা মজুরির বিষয়টি আলোচনায় এলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। একই সাথে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন প্রক্রিয়ায় শ্রম অধিদপ্তরের অযৌক্তিক হস্তক্ষেপ শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করছে বলে অভিযোগ করেন তাঁরা।

আন্দোলনকারীরা অবিলম্বে দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়ন এবং অবাধ ও সুষ্ঠু ইউনিয়ন নির্বাচনের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

কর্মসূচিতে ইউপি সদস্য সুজিত কানু, সাবেক ইউপি সদস্য মতিলাল ঘাটুয়ার, বুটন রিকমুন, স্বপন চাষা, ফজল তাঁতি, চৈতন সাহাসহ নারী নেত্রী মনিমিতা বাকতি, সিলা রিকমুন, জানকি গড়াইত ও বাগান পঞ্চায়েত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন