প্রশ্নফাঁস মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছর জেল
বি. এম. হানিফ (কালকিনি-ডাসার): জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত ড্রাইভার সৈয়দ আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর আসামির উপস্থিতিতে বহুল চর্চিত এ রায়ের নির্দেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমী আদালতের রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া সিয়ামের নামে অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাঘারে বাজেয়াপ্ত করার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত সৈয়দ সোহানুর রহমান সিয়ামের পৈতৃক বাড়ি মাদারীপুরের ডাসার উপজেলার আইসার গ্রামে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে তাঁর সরাসরি সম্পৃক্ততার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলে ২০২৪ সালের জুলাই মাসে তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, সিয়ামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। এতে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে সিয়ামের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের দীর্ঘ যুক্তিতর্ক শুনানি শেষে আদালত এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
এআইএল/সকালবেলা