আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট কাজ করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন ‘প্রীতি গ্রুপ’-এর একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই তাঁদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষতির পরিমাণ বা সূত্রের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এআইএল/সকালবেলা