গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ
গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত ৪

বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনিয়ন্ত্রিত বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় চট্টগ্রামগামী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী ‘নিউ বলেশ্বর পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস তেতৈতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি প্রাইভেটকার ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে বাসটি রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ভেতরের আরোহীরা আটকে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজল চন্দ্র সরকার জানান, দুর্ঘটনাস্থলের নিকটবর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে আনা রোগীদের মধ্যে দুই নারী ও দুই পুরুষকে মৃত ঘোষণা করা হয়েছে। গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাইভেটকারের পাঁচ আরোহীর মধ্যে চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর উল্টে থাকা বাসটি সরিয়ে নেওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন