সুনামগঞ্জের ইটাখলা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর মাহি আহমদ (৬) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট সংলগ্ন ইটাখলা নদীতে তার লাশ ভেসে ওঠে।
নিহত মাহি আহমদ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ইটাখলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। রোববার সকালে নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদ জানান, সকালে ভাসমান লাশ দেখে স্বজনেরা ও এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা