গরু চুরির অভিযোগে তিনজনকে মধ্যযুগীয় নির্যাতন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিন যুবককে আটক করে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালানো হয়েছে। শালিস বোর্ডের সিদ্ধান্তে তাঁদের পা ভেঙে দেওয়া এবং চোখে চুন ঢেলে নষ্ট করে দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পালইছড়া জান্নাতুল জান্নাত জামে মসজিদের সামনে শত শত মানুষের উপস্থিতিতে এই অমানবিক ঘটনা ঘটে। নির্যাতিত ব্যক্তিরা হলেন—আবু বক্কর (৩৫), নিজাম উদ্দিন (৩০) ও সোনাই মিয়া (২৫)। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়, যেখানে আহতদের রক্তাক্ত অবস্থায় চোখে-মুখে চুন লাগানো দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চোরাই গরুসহ সোনাই মিয়াকে আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অপর দুজনকে বাড়ি থেকে ধরে আনা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও মাতব্বরদের উপস্থিতিতে শালিস বৈঠকে এ নির্যাতন চালানো হয়। দোয়ারাবাজার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং গরু দুটি জব্দ করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা