তাহিরপুরে ইয়াবাসহ যুবক আটক
খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ মো. সাগর (২০) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৮ বিজিবি)। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ মে) বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। সীমান্ত পিলার ১১৯৩/৪-এস থেকে প্রায় ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বীরেন্দ্রনগর এলাকা দিয়ে অবৈধভাবে মোটরসাইকেলযোগে প্রবেশের সময় ওই যুবককে আটক করা হয়। আটককৃত সাগর তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের মো. রহম আলীর ছেলে।
অভিযানকালে ধৃত যুবকের কাছ থেকে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬৭_হাজার টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত ১ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল ও ১ হাজার টাকা মূল্যের একটি হেলমেট জব্দ করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৬৮_হাজার টাকা।
আটককৃত আসামিকে উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়তে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা