সৈয়দপুরে আ: লীগ নেত্রী জাহানারা আটক

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ
সৈয়দপুরে আ: লীগ নেত্রী জাহানারা আটক

মোঃ মাইনুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে অংশ নিতে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) রাতে সৈয়দপুর থানা চত্বর থেকে তাঁকে আটক করা হয়। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

জানা গেছে, গত রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক সমস্যা নিয়ে সালিশ করতে সৈয়দপুর থানায় আসেন কাজী জাহানারা পারভীন। সেখানে অবস্থানকালে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপাসহ আরও কয়েকজনের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতির প্রেক্ষাপটে পুলিশ তাঁকে সেখান থেকে আটক করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আটকের পর তাঁকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কাজী জাহানারা পারভীনকে সদরের রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে প্রেরণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা