মরণফাঁদে চান্দুরা-সিঙ্গার সড়ক: চরম দুর্ভোগ
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ চান্দুরা–সিঙ্গার বিল আঞ্চলিক সড়কটি দীর্ঘদিনের অবহেলা আর অসমাপ্ত সংস্কারকাজের ফলে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষের যাতায়াতের এই প্রধান পথটি বর্তমানে খানাখন্দ আর বড় বড় গর্তে একাকার হয়ে আছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও জলাবদ্ধতা। চান্দুরা–চম্পকনগর অংশে টেন্ডারের মাধ্যমে সংস্কারকাজ শুরু হলেও মাত্র দেড় কিলোমিটার কাজ করার পর গত চার মাস ধরে তা বন্ধ রয়েছে। উজির বাড়ি থেকে সিঙ্গার বিল বাজার পর্যন্ত প্রায় ৪০০ ফুট সড়কজুড়ে রয়েছে অসংখ্য খানাখন্দ। এছাড়া চম্পকনগর থেকে সিঙ্গার বিল অংশ এবং টুকচানপুর থেকে আদমপুর পর্যন্ত সড়কে ৬-৭টি বিশাল গর্ত তৈরি হয়েছে, যার প্রতিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ফুট। নোয়াগাঁও মোড় এলাকায় প্রায় ৩০০ ফুট রাস্তা বর্তমানে পানির নিচে তলিয়ে আছে।
সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেল উল্টে গিয়ে অনেকেই পঙ্গুত্ব বরণ করছেন। স্থানীয়দের অভিযোগ, অনেক সময় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়ার পথে এই ভাঙা রাস্তার কারণেই অতিরিক্ত সময় লেগে যায়, যা অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া কৃষিপণ্য বাজারজাতকরণ ব্যাহত হওয়া এবং শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে না পারায় পুরো এলাকার অর্থনীতি ও জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
ভুক্তভোগী বাসিন্দারা জানান, দ্রব্যমূল্য বা জ্বালানির দামের চেয়েও বর্তমানে তাঁদের বড় সমস্যা এই সড়ক। দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এলাকাবাসী টেন্ডারের অজুহাতে কাজ ফেলে না রেখে জরুরি ভিত্তিতে অন্তত ইট-খোয়া দিয়ে গর্তগুলো ভরাট করার দাবি জানিয়েছেন।
বিজয়নগর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীরা জানান, জনস্বার্থ রক্ষায় এই আঞ্চলিক সড়কটির দ্রুত আধুনিকায়ন ও টেকসই সংস্কার এখন সময়ের দাবি। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এলাকার ৩ লক্ষাধিক মানুষের দুর্ভোগ আরও চরমে পৌঁছাবে।
এ.আই.এল/সকালবেলা