সোনারগাঁওয়ে চার ফার্মেসিকে অর্থদণ্ড
মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে চারটি ফার্মেসিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ মে) বেলা ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
মোগরাপাড়া চৌরাস্তা সংলগ্ন কলেজ রোড ও থানা রোডের বিভিন্ন ফার্মেসিতে তদারকি চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বলাকী ফার্মেসিকে ৩ হাজার, মাহমুদা ফার্মেসিকে ৫ হাজার, শিরিন ফার্মেসিকে ৫ হাজার এবং থানা রোডের আলভী ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক কে. এম. মুহসীন মাহবুব এবং ড্রাগ সুপার মো. কবির হোসেন উপস্থিত থেকে কারিগরি সহায়তা প্রদান করেন। আইনশৃঙ্খলা বাহিনীর একটি চৌকস দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান জানান, নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, “ফার্মেসি মালিকদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ.আই.এল/সকালবেলা