জামালপুরে র্যাবের গাড়িতে হামলা, আটক ২
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে পরিবেশ আইন লঙ্ঘন করে গড়ে ওঠা অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন র্যাবের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটলেও দুটি ইটভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোবিন্দপুর ও পিঙ্গলহাটি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গোবিন্দপুর এলাকার ‘জিরন ব্রিক ফিল্ডে’ অভিযান চলাকালে ইটভাটা মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম হঠাৎ র্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, একজন নারী র্যাবের গাড়িতে ঢিল ছুড়লে কাঁচ ক্ষতিগ্রস্ত হয়, পরে তাকে আটক করা হয়েছে।
হামলা সত্ত্বেও অভিযান অব্যাহত রাখেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। পরিবেশগত ছাড়পত্র না থাকায় ‘জিরন ব্রিক ফিল্ড’কে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে পিঙ্গলহাটার ‘যমুনা ব্রিক ফিল্ডে’র মালিকপক্ষ উপস্থিত না থাকায় সেটিরও চিমনি ধ্বংস করা হয়।
সরকারি কাজে বাধা ও গাড়িতে হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ইটভাটা মালিকের মা রোজিনা বেগম এবং ভাটার অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করেছে। তবে প্রধান মালিক সৌরভ হাসান বাবু পলাতক রয়েছেন। জামালপুর থানার ওসি মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা