পাবনায় শিশু কলি হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা
বিশেষ প্রতিনিধি: পাবনা সদর উপজেলার কুলোনিয়া গ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মোস্তফা প্রামাণিকের বহুতল বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে অভিযুক্ত মোস্তফার বসতবাড়িতে এ ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে বাড়ির পাশের ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু কলির মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তাঁর ভাড়াটিয়া ইয়াছিন আলীকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার পাবনার পুলিশ সুপার সংবাদ ব্রিফিংয়ে মোস্তফার মুদি দোকানের পেছনে শিশুটিকে ধর্ষণ ও হত্যার তথ্য প্রকাশ করলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এরই জেরে শুক্রবার জুমার নামাজ শেষে বিক্ষুব্ধ গ্রামবাসী জড়ো হয়ে মোস্তফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পুলিশের উপস্থিতিতেও গ্রামবাসীর ভিড় বেশি থাকায় তাৎক্ষণিকভাবে বাধা দেওয়া সম্ভব হয়নি। তবে পরবর্তীতে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা