দীঘিনালায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ণ
দীঘিনালায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

রুপম চাকমা, দিঘীনালা: খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬’ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের উদ্যোগে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও নবগঠিত কমিটিকে বরণ করে নেওয়ার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিনের শুরুতে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য একেএম বদিউজ্জামান জীবন। তিনি বলেন, দুর্যোগ ও মানবিক সংকট মোকাবিলায় যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবসেবার এই কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক যুব প্রধান জাকির হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা দুর্জয় বড়ুয়া (শান্ত)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন চন্দ্রনাথ প্রবীর ও সাবেক দলনেতা হাসান মোর্শেদ রিফাত।

এ.আই.এল/সকালবেলা