কুষ্টিয়ায় নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ দোকানে ডাকাতি
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর বাজারে নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের হাত বেঁধে তিনটি স্বর্ণের দোকানসহ অন্তত পাঁচটি দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বাজারের চারজন নৈশপ্রহরী ও ব্যবসায়ীদের জিম্মি করে অস্ত্রধারী ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল এ তাণ্ডব চালায়। ডাকাতেরা পূর্ণ জুয়েলার্স, মানিক জুয়েলার্স, ঈশানী বিউটি কসমেটিকস, একটি ভ্যান মেরামতের দোকান ও চায়ের দোকান থেকে স্বর্ণ-রুপার অলংকার, নগদ টাকা এবং একাধিক মোবাইল ফোন লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা দুইজন নৈশপ্রহরীকে হাত বাঁধা অবস্থায় বাজার থেকে আধা কিলোমিটার দূরে ফেলে রেখে যায়।
লুটপাটের শিকার ব্যবসায়ী প্রানতোষ বিশ্বাস জানান, সিসিটিভি ক্যামেরা ভেঙে লকার ও ড্রয়ার থেকে নগদ ২৫ হাজার টাকা, ২০ ভরি রুপা ও স্বর্ণের অলংকার নিয়ে গেছে ডাকাত দল। অস্ত্রধারী ২০-২৫ জনের উপস্থিতিতে নৈশপ্রহরীদের বেঁধে রেখে এই তাণ্ডব চালানো হলেও খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনাটিকে ডাকাতি না বলে 'চুরি' বলে দাবি করেছেন। সশস্ত্র লুটপাটকে কেন চুরি বলা হচ্ছে জানতে চাইলে তিনি মন্তব্য না করে ফোন কেটে দেন।
এআইএল/সকালবেলা