পুলিশ-এলাকাবাসীর যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ণ
পুলিশ-এলাকাবাসীর যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেপ্তার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে পৌরসভাস্ত জয়পাশা এলাকার জাপানিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান বড়লেখা উপজেলার মোহাম্মদনগর গ্রামের মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি জয়পাশা এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসানকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত হাসানকে সকালে মৌলভীবাজার জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। চুরি, ডাকাতি, মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

এআইএল/সকালবেলা