বগুড়ায় রেলস্টেশনে ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
বগুড়ায় রেলস্টেশনে ভাঙচুরের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি: রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। শাখা সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাস্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাজেদুল রহমান সাজু, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলীসহ স্থানীয় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও সরকারি প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা এবং অগ্নিসংযোগের মাধ্যমে একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। অনতিবিলম্বে এসব নাশকতায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে বগুড়া রেলওয়ে স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্টেশনের আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন এলাকায় এসে শেষ হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন