ভালুকা থানা চত্বর থেকে পুলিশ কর্মকর্তার বাইক চুরি

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ণ
ভালুকা থানা চত্বর থেকে পুলিশ কর্মকর্তার বাইক চুরি

মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা মডেল থানা চত্বরের সুরক্ষিত সীমানার ভেতর থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোফাজ্জল হোসেনের একটি ‘আরওয়ানফাইভ’ (R15) মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ২৪ ঘণ্টা পাহারায় থাকা থানার ভেতর থেকে খোদ পুলিশ কর্মকর্তার গাড়ি উধাও হয়ে যাওয়ায় স্থানীয় পর্যায়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ময়মনসিংহের ভালুকা মডেল থানা চত্বরে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, এএসআই তোফাজ্জল হোসেন থানা চত্বরে তাঁর ইয়ামাহা আরওয়ানফাইভ মোটরসাইকেলটি পার্ক করে প্রশাসনিক কাজে যান। পরবর্তীতে কাজ শেষে ফিরে এসে দেখেন গাড়িটি নির্দিষ্ট স্থানে নেই। থানা চত্বরের মতো একটি সুরক্ষিত ও সার্বক্ষণিক নজরদারিতে থাকা এলাকা থেকে কীভাবে গাড়িটি চুরি হলো, তা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

খবরটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে চরম উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার প্রধান কেন্দ্রবিন্দুতে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সম্পদ চুরি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা।

থানা সূত্রে জানা গেছে, চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর অপরাধী শনাক্ত ও বাইকটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশদভাবে বিশ্লেষণ করে সত্যতা যাচাইয়ের পাশাপাশি বাইকটি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন