উখিয়ায় ক্যাম্পের বাথরুম থেকে এএসআইয়ের লাশ উদ্ধার
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের (৩১) লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর শনিবার (৮ আগস্ট) সকালে ক্যাম্পের একটি বাথরুমের দরজা কেটে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নিয়মিত রোলকলে এএসআই রুবেল হোসেন অনুপস্থিত ছিলেন। এরপর সহকর্মীরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাঁর সন্ধান চালান এবং ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া মেলেনি।
শনিবার সকালে ক্যাম্পের বাবুর্চি শরীফ বাথরুমের ভেতরে কাউকে পড়ে থাকতে দেখে ঊর্ধ্বতনদের খবর দেন। পরে এপিবিএনের অধিনায়ক, চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা কেটে ভেতরে প্রবেশ করে রুবেল হোসেনের লাশ দেখতে পায়। এ সময় ঘটনাস্থল থেকে তাঁর মুঠোফোন, তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসলের সময় হৃদরোগে আক্রান্ত (স্ট্রোক) হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|