পাহাড়ে শান্তি রক্ষায় ৩ কমিটি: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
পাহাড়ে শান্তি রক্ষায় ৩ কমিটি: প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন

মো. সোহরাওয়ার্দী সাব্বির, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাঙামাটির কাঁঠালতলীর মৃধা ভবনে পিসিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিসিএনপি নেতৃবৃন্দ বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করেছে। তাঁদের দাবি, দেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এমন ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেনি।

তিন স্তরের এই শক্তিশালী কমিটি নিরলসভাবে কাজ করে পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যাগুলোর সমাধান এবং সুষম উন্নয়ন নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে পিসিএনপি রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন