রিহ্যাব সেন্টার থেকে রোগীদের পলায়নের ভিডিও ভাইরাল
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়া এলাকায় অবস্থিত ‘প্রয়াস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ থেকে একাধিক মাদকাসক্ত রোগী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোগী পলায়নের একটি সিসিটিভি ও মোবাইল ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় চরম তোলপাড় ও বাসিন্দাদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও প্রধান ফটক পেরিয়ে বেশ কয়েকজন ব্যক্তি তড়িঘড়ি করে দৌড়ে বের হয়ে যাচ্ছেন। এ সময় কেন্দ্রের ভেতরে ও বাইরে তীব্র হট্টগোল তৈরি হয়।
ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় কোনো সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কীভাবে এমন নিরাময় কেন্দ্র পরিচালিত হচ্ছে, তা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, অনাকাঙ্ক্ষিতভাবে চিকিৎসাধীন এসব ব্যক্তি বাইরে বেরিয়ে এলে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে।
এ বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর ওপর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন। কেন্দ্রটির লাইসেন্সিং শর্তাবলি ও ভেতরের চিকিৎসার সুষ্ঠু পরিবেশ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।
পলায়নের ঘটনার পর নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা