শিশুদের খেলা নিয়ে সংঘর্ষে প্রবীণ নিহত

প্রকাশ: শনিবার, ০১ আগস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
শিশুদের খেলা নিয়ে সংঘর্ষে প্রবীণ নিহত

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের খেলা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় হামলায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বন্ধেরহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হামদু মিয়া ওই গ্রামের স্থায়ী বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হামদু মিয়ার ছেলে নিরবের (১১) সঙ্গে একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিনের (১২) লুডু খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে তাদের মধ্যে মারামারিতে ইয়াসিন মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হয়।

এই ঘটনার জের ধরে আজ শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রবীণ হামদু মিয়া। এ সময় তাঁর আট বছরের শিশুসন্তান হাসানসহ দুপক্ষের লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন