টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
টুঙ্গিপাড়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এক অবুঝ শিশুকে (৮) কলার লোভ দেখিয়ে ঘরের ভেতর আটকে ধর্ষণচেষ্টার এক জঘন্য অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত জাকার শেখ (৫৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার তারাইল গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত জাকার শেখ ওই গ্রামেরই বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শিশুটিকে তার মা খাওয়ার পানি আনার জন্য ঘরের বাইরে পাঠান। এ সময় প্রতিবেশী বৃদ্ধ জাকার শেখ শিশুটিকে একা পেয়ে পাকা কলার লোভ দেখিয়ে ফুঁসলিয়ে নিজের নির্জন ঘরে ডেকে নিয়ে যান। শিশুটি ঘরে প্রবেশ করা মাত্রই জাকার শেখ ঘরের দরজা বন্ধ করে দেন এবং তার ওপর পাশবিক নির্যাতন ও ধর্ষণচেষ্টা চালান।

এ সময় ভীতি ও যন্ত্রণায় শিশুটি চিৎকার শুরু করে। ভুক্তভোগী শিশুর বাবা আলাল শেখ জানান, ঘটনার সময় তিনি জরুরি কাজে বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগেই জাকার শেখ তার মেয়ের ওপর এই জঘন্য নির্যাতন চালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধস্তাধস্তি ও শিশুর গগণবিদারী চিৎকারে তার মা মনিরা বেগম প্রতিবেশীদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং লম্পট জাকারের ঘর থেকে রক্তাক্ত ও আতঙ্কিত অবস্থায় নিজের মেয়েকে উদ্ধার করেন।

ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন প্রতিবেশীরা কোনো বিলম্ব না করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি অবগত করেন। ৯৯৯-এর বার্তা পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি চৌকস দল দ্রুততম সময়ের মধ্যে তারাইল গ্রামে অভিযান পরিচালনা করে এবং ঘটনাস্থল থেকেই পালিয়ে যাওয়ার চেষ্টাকালে অভিযুক্ত জাকার শেখকে হাতেনাতে গ্রেপ্তার করে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "৯৯৯ নম্বর থেকে কল পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমরা ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত জাকার শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকার তার অপরাধের কথা স্বীকার করেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।" শিশুটির জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন