মেহেন্দিগঞ্জে ছেলের হাতে মা খুন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে ছেলের হাতে মা খুন

সাঈদ পান্থ, বরিশাল প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে নেশার টাকা না পেয়ে ছেলের আঘাতে নিরু (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রবিউল ফকিরকে নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে কাজিরহাট থানার ভাষানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিম ফকিরের দ্বিতীয় স্ত্রীর সন্তান রবিউল ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে সে নেশার টাকা কেনার জন্য মায়ের কাছে দাবি জানায়। মা টাকা দিতে অস্বীকার করলে রবিউল ক্ষিপ্ত হয়ে শাবল দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে। এতে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দফাদারহাট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এআইএল/সকালবেলা