বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: ভারতের পশ্চিমবঙ্গের চার মন্ত্রী ও এক বিধায়কের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে তাঁদের ‘বাংলাদেশের দিকে চোখ তুলে না তাকানোর’ হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে অগ্নিসন্ত্রাসের উসকানি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আঞ্চলিক মন্তব্য ও সীমান্ত প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের চার মন্ত্রী ও এক বিধায়ক একই দিনে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশকে জড়িয়ে যে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবেন না। পলাতক শেখ হাসিনা আপনাদের দেশে বসে অগ্নিসন্ত্রাসের উসকানি দিচ্ছেন।”

তিনি আরও দাবি করেন, ক্ষমতা ফিরে পাওয়ার লক্ষ্যে অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানান তিনি।

কামান্না গণহত্যা দিবসের ওই আলোচনা সভায় জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে যথার্থ বলে মন্তব্য করেন মো. আসাদুজ্জামান। তাঁর ভাষ্য, দলটির সাম্প্রতিক তৎপরতা এই সিদ্ধান্তের যৌক্তিকতাকেই প্রমাণ করে এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতার মধ্য দিয়ে সরকারের পদক্ষেপের সঠিকতা স্পষ্ট হচ্ছে। দেশে সংঘটিত সব অপরাধের বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

এর আগে শৈলকুপা কলেজে আয়োজিত এক নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী। সেখানে তিনি বলেন, সমাজ থেকে অপরাধ ও অপসংস্কৃতি দূর করে তরুণ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ ঘটিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানোর পাশাপাশি অন্যায়, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শৈলকুপা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা