মুসলিম মেয়েকে নিয়ে উধাও হিন্দু যুবক, পরিবার পলাতক

প্রকাশ: মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
মুসলিম মেয়েকে নিয়ে উধাও হিন্দু যুবক, পরিবার পলাতক

রাসেল রানা মেহেদী (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছেন শারমিন আক্তার নামে এক তরুণী। দীর্ঘ সময় পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের। মেয়েকে ফিরে পাওয়ার আকুল অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন তার মা-বাবা। শারমিনকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পরিবারের অভিযোগ, রমিক চন্দ্র সিংহ নামে এক যুবক প্রেমের সম্পর্কের সূত্র ধরে শারমিনকে নিয়ে গেছেন। এই ঘটনায় আরও কয়েকজন সহায়তা করেছেন বলেও দাবি স্বজনদের। ঘটনার পর থেকে অভিযুক্ত রমিকের বাবা সুমন্ত চন্দ্র সিংহসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

শারমিনের বোন নাজমিন আক্তার মাহি বলেন, “আমার বোনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা মনে করছি। ১২ দিন হয়ে গেলেও এখনো তার কোনো খবর মেলেনি। আমার বোন কোথায় বা কেমন আছে—কিছুই জানি না। মেয়েকে হারিয়ে আমার মা-বাবাও অসুস্থ হয়ে পড়েছেন।”

শারমিনের বাবা মো. পশিরুল ইসলাম বলেন, “১২ দিন ধরে মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। থানায় এজাহার দেওয়া হলেও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধার করতে পুলিশি তৎপরতা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। আমরা আমাদের মেয়েকে জীবিত ও নিরাপদে ফিরে পেতে চাই।”

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও শারমিনের সন্ধান মেলেনি। একমাত্র মেয়েকে হারিয়ে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন মা নাসিমা বেগম। স্বজনদের দাবি, দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের মাধ্যমে তাকে খুঁজে বের করা হোক।

স্থানীয় বাসিন্দারা জানান, নিখোঁজ তরুণীর পরিবারটি বর্তমানে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তবে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি, যার ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। শারমিনের পরিবারের একটাই আকুতি—দ্রুত তদন্তের মাধ্যমে মেয়েকে উদ্ধার করে যেন তাদের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

এআইএল/সকালবেলা