স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের লাশ উদ্ধার
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার ১২ দিনের মাথায় আব্দুল্লাহ মিথুন (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এটিকে হত্যাকাণ্ড দাবি করা হলেও পুলিশ বলছে, প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার কাশিমনগর ইউনিয়নের মান্দারতলা এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ ওই এলাকার মশিয়ার রহমানের ছেলে এবং পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে মধুপুর গ্রামের সাথী (২৬) নামের এক নারীকে বিয়ে করেন আব্দুল্লাহ। তাদের সংসারে ৬ ও ৪ বছর বয়সী দুটি ছেলে রয়েছে।
স্বজনদের দাবি, সাথীর সঙ্গে মালয়েশিয়াপ্রবাসী সুমনের সম্পর্কের বিষয়টি জানতে পারেন আব্দুল্লাহ। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে নানা টানাপোড়েন চলছিল। একপর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর নওয়াপাড়ার ধোপাদি এলাকার একটি কাজী অফিসে সুমনের সঙ্গে সাথীর বিয়ে হয়। ওই বিয়েতে আব্দুল্লাহ নিজেই উপস্থিত ছিলেন এবং কাবিননামায় সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর প্রায় ১২ দিন পরই আব্দুল্লাহর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আব্দুল্লাহর মা রওশনারা অভিযোগ করে বলেন, মৃত্যুর আগে তার ছেলে মানসিক চাপে ছিল। ঘটনার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে সাথী এসে জানান, আব্দুল্লাহ আত্মহত্যা করেছেন। তার দাবি, ছেলেকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
আব্দুল্লাহর চাচা এনায়েত হোসেনও অভিযোগ করেন, সাথী ও সুমনের যোগসাজশে আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিচার দাবি করেন।
আব্দুল্লাহর ঘনিষ্ঠ বন্ধু ও পল্লিচিকিৎসক মুবাসসের আল মুবিন বলেন, মৃত্যুর তিন দিন আগে আব্দুল্লাহর সঙ্গে তার দেখা হয়েছিল। তখন তাকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হয়। বিভিন্ন নম্বরে ফোন করে কান্নাকাটি ও ক্ষমা চাওয়ার পাশাপাশি আব্দুল্লাহ বলেছিলেন, তিনি একটি ভুল করেছেন এবং আর বাঁচবেন না।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাথী। তার ভাষ্য, স্বামী আব্দুল্লাহর চাপেই তিনি সুমনকে বিয়ে করতে বাধ্য হন। ১৬ সেপ্টেম্বর নওয়াপাড়ার ধোপাদি এলাকার একটি কাজী অফিসে ওই বিয়ে হয় এবং সেখানে আব্দুল্লাহ সাক্ষী হিসেবে স্বাক্ষর করেন।
সাথীর দাবি, ঘটনার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুল্লাহ গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
এদিকে মালয়েশিয়ায় অবস্থান করায় সুমনের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। তবে তার ভগ্নিপতি রাকিব হোসেন বলেন, আব্দুল্লাহর মৃত্যুর পর তারা বিয়ের বিষয়টি জানতে পারেন। সুমন বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন বলেও তিনি দাবি করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো এজাহার না দেওয়ায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরবর্তী তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এআইএল/সকালবেলা