মহম্মদপুরে সড়কের বেহাল দশায় চরম ভোগান্তি
এম এ রইচ (মহম্মদপুর, মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রাম থেকে কলমধারী বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার কাঁচা রাস্তার চরম বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ১০ গ্রামের হাজারো মানুষকে।
দীর্ঘদিন সংস্কার না হওয়া এবং মাঝে থাকা ইটের সলিং ভেঙে খানাখন্দে পরিণত হওয়ায় বর্ষাকালে সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে যায়। আর শুষ্ক মৌসুমে পুরো রাস্তা ধুলাবালিতে ভরে গিয়ে হাঁটার অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়রিয়া, নিখরহাটা, কলমধারী, বনগ্রাম, নাওভাঙ্গা ও বালিদিয়াসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ প্রতিদিন উপজেলা সদরে যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করেন। তবে সড়কটির দুরবস্থার কারণে জরুরি প্রয়োজনে কোনো রোগীকে জেলা কিংবা উপজেলা হাসপাতালে নেওয়া দুষ্কর হয়ে পড়েছে। এতে করে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন স্থানীয়রা।
সড়কের আশপাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ঈদগাহ ও গোরস্তানসহ একাধিক প্রতিষ্ঠান থাকলেও শিক্ষক ও শিক্ষার্থীদের কাদা ঠেলে কিংবা ধুলাবালি মেখেই পথ চলতে হয়। এদিকে কাঁচা রাস্তার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। যানবাহন ঢুকতে না চাওয়ায় উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এবং মাঝেমধ্যেই পরিবহন উল্টে গিয়ে লোকসানের মুখে পড়ছেন তারা।
এলাকাবাসীর দাবি, প্রতিবারই আশ্বাস মেলেনি কিন্তু সড়কটি পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পথচারী, শিক্ষার্থী ও কৃষকদের দুর্ভোগ লাঘবে দ্রুত এই পাঁচ কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আকুল আবেদন জানিয়েছেন ভূক্তভোগীরা।
এআইএল/সকালবেলা