সুবর্ণচরে মাদ্রাসাছাত্রকে ডেকে নিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মো. নাঈম হোসেন (১৫) নামের এক মাদ্রাসাছাত্রকে রাতে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বুলু নেতার সমাজ এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নাঈম স্থানীয় খলিল উল্যার ছেলে এবং কাঞ্চন বাজার সংলগ্ন একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। মা-বাবার বিচ্ছেদের পর থেকে সে একই এলাকায় নানা এবাইদুল্লার বাড়িতে বসবাস করত।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা নাঈমকে বাড়ি থেকে ডেকে বের করে নিয়ে যায়। এরপর সে আর ঘরে ফেরেনি। মঙ্গলবার সকালে স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে নাঈমকে ডেকে নিয়ে শ্বাসরোধ বা গলায় আঘাত করে হত্যা শেষে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। তাঁরা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
এআইএল/সকালবেলা