ভালুকায় নিখোঁজের তিনদিন পর কৃষকের লাশ উদ্ধার
প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ণ
মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের তিন দিন পর আব্দুল মালেক (৫৫) নামে এক কৃষকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গতিয়ার গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, গত ৬ সেপ্টেম্বর ভোরে বাড়ির পাশে তাল কুড়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
বুধবার সকালে নিহতের ছেলে সুজন ঝোপঝাড়ে ঘেরা পরিত্যক্ত পুকুরের পানিতে বাবার লাশ ভাসতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এআইএল/সকালবেলা